চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতটি মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে থানায় নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরোয়ানা যাচাই-বাছাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

১৯৯৪ সালে মোহাম্মদ মহসিন সাদ-মুসা গ্রুপ প্রতিষ্ঠা করেন। চট্টগ্রামের পোশাক ও বস্ত্রশিল্প খাতের পরিচিত এ প্রতিষ্ঠান একসময় বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকঋণ খেলাপি, চেক প্রত্যাখ্যান ও অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় আসে গ্রুপটি।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। পাঁচটি মামলায় মোট পাওনা দাবির পরিমাণ ছিল ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। প্রতিটি মামলায় তাঁকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন মহসিন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তাঁর স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। ওই সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য উঠে আসে।

এ ছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে মহসিনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও মহসিনসহ ১১ জনের বিরুদ্ধে পৃথক মামলা করে সংস্থাটি।

আরও খবর