রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে—পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা বিষয়ক রায়ের পরিপ্রেক্ষিতে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ায় ৪ নম্বর শরণার্থী শিবিরের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে হাজার হাজার রোহিঙ্গার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
ভোর থেকেই বিভিন্ন শরণার্থী শিবিরের রোহিঙ্গারা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় খেলার মাঠটি। সমাবেশে অংশ নেওয়া রোহিঙ্গাদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। গণহত্যার বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও নিজ দেশে নাগরিক অধিকার ফিরে পাওয়ার দাবিতে তারা এই সমাবেশে অংশ নেন।
ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারে যা ঘটেছে, তা গণহত্যা। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ বিষয়ে স্পষ্ট রায় দিয়েছেন। আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের মতো অপরাধের প্রমাণ পেয়েছেন। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হওয়ার প্রমাণও আদালতে উঠে এসেছে।
ড. খলিলুর রহমান বলেন, আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেছেন। রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংগ্রাম ও তাদের কণ্ঠস্বরের স্বীকৃতি।

তিনি বলেন, কোনো বিচারিক রায় মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে না কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে সত্যের মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়।
মিয়ানমারকে অবিলম্বে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত, বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। এই রায় বাস্তবায়ন করা মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়।
বক্তব্যে তিনি চারটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। এর মধ্যে রয়েছে—গণহত্যার প্রকৃত বিচার নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, রোহিঙ্গারা বারবার জানিয়েছেন, তারা নিজ দেশে ফিরে যেতে চান। তবে প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। মিয়ানমারে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, অবাধ চলাচল এবং বৈষম্যহীনভাবে বসবাসের নিশ্চয়তা থাকতে হবে। কাউকে কোনোভাবেই বিপদের মুখে ঠেলে দিয়ে ফেরত পাঠানো যাবে না।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে। তবে নিরাপদ প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের জনগণ ও সরকারের একার পক্ষে এই বিশাল দায়িত্ব বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তায় অর্থায়ন বাড়াতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, আপনাদের কণ্ঠস্বর নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে রোহিঙ্গা নারী, শিশু ও তরুণদের কথা তুলে ধরবেন।
তিনি বলেন, দ্য হেগে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই ন্যায়বিচার বাস্তবায়নের দায়িত্ব সবার। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে শুরু করে রাখাইনে রোহিঙ্গাদের নিজ গ্রাম পর্যন্ত এই ন্যায়বিচার পৌঁছে দিতে হবে।
সমাবেশে রোহিঙ্গা নেতারাও নিজেদের প্রত্যাশা ও দাবির কথা তুলে ধরেন।
রোহিঙ্গা নেতা মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতে রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়ে মিয়ানমার থেকে বিতাড়িত করা হয়েছে। এত কিছুর পরও বিশ্বে অন্তত একটি বিচার পাওয়ায় তারা কৃতজ্ঞ।
কিং মং বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের দাবি, নাগরিকত্ব ও পূর্ণ অধিকার নিশ্চিত করে সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে তিনি ১৯ নভেম্বর ২০২৬ সালকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথচলা শুরুর দিন হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
