আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য—প্রতিবাদে চট্টগ্রাম নগরে জামায়াতের ৫ মিছিল
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
বহদ্দারহাট
বাদ জুমা বহদ্দারহাট থেকে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আরেকটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার।
৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলটি পরিচালনা করেন বাকলিয়া থানা জামায়াতের আমীর সুলতান আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জসিম উদ্দীন, জুলাই বিপ্লবের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক মোহাম্মদ আলী ও নগর জুলাই সংগঠক রিয়াদ হাসানসহ নেতৃবৃন্দ।
ডবলমুরিং
সকাল ১১টায় হালিশহরের ওয়াপদা মোড়স্থ প্রিন্স অব চিটাগাংয়ের সামনে থেকে ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। থানা জামায়াতের আমীর ফারুকে আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
এতে আরও বক্তব্য রাখেন থানা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ইমরানুল হক, ২৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুর রহিম মোল্লা, ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহিম, আব্দুল কাদের ও জামায়াত নেতা হাফেজ আবু তাহের প্রমুখ।
ইপিজেড ও বন্দর থানা
দুপুর ১টা ৪৫ মিনিটে বন্দরটিলা আলী শাহ মসজিদ মোড় থেকে ইপিজেড থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফ্রিপোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।
ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররমের সভাপতিত্বে এবং থানা বিএম সেক্রেটারি ও ৩৯ নম্বর ওয়ার্ড আমীর ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের শূরা সদস্য ও বন্দর থানা আমীর মাহমুদুল আলম, বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ, পতেঙ্গা থানা সেক্রেটারি মো. বেলাল ও ৪০ নম্বর ওয়ার্ড আমীর মো. ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ থানা
জুমার নামাজের পর নগরীর সাগরিকা মোড় থেকে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের আগে সাগরিকা মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পাহাড়তলী থানা জামায়াতের আমীর মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকবর শাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, এফডিইবি থানা শাখার আমীর ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সিবিএফ থানা সেক্রেটারি মোহাম্মদ রফিক, হালিশহর থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইউসুফ, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহান।
কোতোয়ালী ও সদরঘাট থানা
একই কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালী এলাকায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমির হোসাইন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। কর্মসূচি সঞ্চালনা করেন মোস্তাক আহমদ। এতে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আ.ন.ম. জোবায়ের, সদরঘাট থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলে এলাহি শাহীন, কোতোয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুল ইসলাম এবং কোতোয়ালী দক্ষিণ থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বখতিয়ার ফাহিম।
বিক্ষোভ মিছিল ও সমাবেশগুলোতে বক্তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
