চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযানে ৯৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ওই ১১ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ১৯৪, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৭, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫, কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২, পরোয়ানামূলে ১০০ এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক বহনকারী ৩ জন এবং মাদকসেবী ৫৯ জন।
নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৬ মাদককারবারিসহ অভিযানে মোট ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময়ে মাদকদ্রব্য সংক্রান্ত ৩৯টি মামলা করা হয়।

অভিযানে ৩৩ হাজার ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১৮৫ লিটার চোলাই মদ, ৭৫ বোতল এস্কাফ সিরাপ এবং ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের ১৬৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, চট্টগ্রামের ৪৮ জন, কক্সবাজারে ৯, কুমিল্লায় ৪০, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ১৫, ফেনীতে ১৭, লক্ষ্মীপুরে ১২, রাঙামাটিতে ৪ এবং খাগড়াছড়িতে ৪ জন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৩০ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৬৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চট্টগ্রামে ৪৩, কক্সবাজারে ১৭, কুমিল্লায় ২১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২১, নোয়াখালীতে ১৮, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৩৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ৮ এবং বান্দরবানে ৬ জন রয়েছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও খবর