চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদ নগর এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পরে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, বাড়ির মালিক জাফর ভূমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী রায়হান ও ঘটনার শিকার ব্যক্তির বাড়ি রাউজান উপজেলায়। তারা দুইজন দুইজনকে চিনেন। এ ঘটনায় থানায় মামলা করতে আসতে বলা হয়েছে। তিনি পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় সোমবার বিকেলে মামলা করতে আসবেন বলে জানিয়েছেন।

বাড়ির মালিক মো. জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান প্রায় ১০ মাস আগে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।
তিনি ওই সময় স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে ছিলেন। দেশে ফেরার পর রায়হান আর যোগাযোগ করেনি।
তবে গত বুধবার আবার ফোন করে চাঁদা দাবি করা হয়।

তিনি আরও জানান, রোববার রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন এসে তাঁর ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে।
যে কক্ষে গুলি করা হয়েছে, সেখানে কেউ থাকতো না। গুলির ঘটনার পর তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়। ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস’।

 

আরও খবর