চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস ডিএমপিতে বদলি
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, একই আদেশে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি করা হয়েছে। আর গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
