ওসির গাড়িতে আগুন—বেনজীরের ‘বান্ধবী’ নাজনীন গ্রেপ্তার
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন আখতারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাজনীন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বলে পরিচয় দিয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, সাভারের হেমায়েতপুরে পুলিশের ওসির গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি নাজনীন আখতার। ঘটনার পর থেকেই তিনি রাজফুলবাড়ীয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। রবিবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর নাজনীন নিজেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বান্ধবী বলে পরিচয় দেন। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেছিল।
