উন্নয়ন কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ হতে হবে টেকসই ও মানসম্মত। নগরবাসী যেন উন্নয়ন কাজের সুফল দীর্ঘদিন ভোগ করতে পারেন, তা নিশ্চিতে কাজ করছি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে এলাকার চলমান উন্নয়ন কাজের অগ্রগতি, নির্মাণমান ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন চসিক প্রশাসক। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

শাহাদাত হোসেন বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না, প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং কাজের মান নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

তিনি বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না। নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ প্রয়োজনীয় নাগরিক অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।

এ সময় সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর