অভিনেত্রীকে নিয়ে সমুদ্রের দিকে হাঁটতে হাঁটতেই তলিয়ে যান রাহুল
অভিনেত্রীকে নিয়ে সমুদ্রদের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎই তলিয়ে গেলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করার সময় পানিতে ডুবে যান।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় মাত্র ৪৩ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। রাহুলের শুটিংয়ের সেই মুহূর্তের ফুটেজ উদ্ধার করেছে পুলিশ, যা তাঁর শেষ মুহূর্তগুলোর একটি স্পষ্ট চিত্র ফুটিয়ে তুলেছে।
পুলিশ ও শুটিং ইউনিটের সূত্রে জানা গেছে, শ্বেতা মিশ্রের সঙ্গে শুটিং চলাকালীন রাহুল সমুদ্রের দিকে এগোছিলেন। শ্বেতা প্রথমে পানিতে পড়ে যান এবং রাহুল তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে হঠাৎ বড় ঢেউ এলে রাহুলও তলিয়ে যান। উপস্থিত কলাকুশলীরা শ্বেতাকে বাঁচাতে সক্ষম হন, কিন্তু রাহুলকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শুটিং ইউনিটের পরিচালক শুভাশিস মণ্ডল জানিয়েছেন, শট চলাকালীন রাহুল ও শ্বেতা হাঁটুর নিচ অবধি পানিতে ছিলেন। ড্রোন শট ও কামেরা ফ্রেমে তাঁদের হাতে হাত ধরে সমুদ্রের দিকে এগোতে দেখা গেছে। ‘তারা সেখানে যাওয়ার জন্য বারবার নিষেধ করছিল। অনেকেই ‘যেয়ো না, যেয়ো না’ বলতে থাকলেও তাঁরা এগিয়ে যান। ইউনিটের ১০-১২ জন সাঁতার জানতেন, তাঁরা রাহুল ও শ্বেতার পাশে এগিয়েও যান।
পরিচালকের মতে, শ্বেতার পরনে শাড়ি থাকায় তিনি সাঁতার সামলাতে পারেননি, যা পানিতে পড়ার এক কারণ হিসেবে প্রমাণিত হয়েছে। শুটিং ইউনিট ও লাইফবোট দ্রুত এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে রাহুল অনেকটা পানি গ্রাস করেছিলেন। শ্বেতাকে নিরাপদে আনার পরও রাহুলকে হাসপাতালে নিলে মৃত বলে ঘোষণা করা হয়।
