চট্টগ্রামে এসআরবি সদস্যদের ওপর হামলা, অস্ত্রসহ গ্রেপ্তার ৫
চট্টগ্রামের চন্দনাইশে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এসআরবির চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮), আজিজুর রহমান সবুজ (২১), মঞ্জুর ইসলাম (৩৯) ও মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়া (৩৪)। তাদের কাছ থেকে দু’টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি জানায় চট্টগ্রামের বিভিন্ন থানায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি আলমগীরকে গ্রেপ্তারের জন্য গত শনিবার বিকেলে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় অভিযান চালায় সংস্থাটির একটি দল।
এসময় গ্রেপ্তার এড়াতে আসামি আলমগীর চিৎকার করে তার ৪০ থেকে ৫০ জন সহযোগীকে জড়ো করেন। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে এসআরবি সদস্যদের ওপর হামলা চালায়। এ পরিস্থিতিতে নিজেদের জানমাল ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষার্থে এসআরবি সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন। এই হামলায় এসআরবির পাঁচজন সদস্য আহত হন।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমদ জানান, গ্রেপ্তার পাঁচজনকে ও উদ্ধার করা দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
