চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে একটি ঝোঁপ থেকে মো. হাসান (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গণপিটুনিতে হাসানের মৃত্যু হয়েছে। নিহত হাসান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শাহ আলমের ছেলে। তিনি চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে নগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সিঅ্যান্ডবি আট গাছতলা এলাকার একটি ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে জঙ্গলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আজ সকালে স্থানীয়রা মরদেহ দেখে আমাদের খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা আইনী পদক্ষেপ নিচ্ছি।

আরও খবর