চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক, চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কর্তৃক প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এর সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বুধবার (৭ অক্টোবর) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘ওয়াকিল হোসেন বগা’ সিনিয়র সাংবাদিক কামাল পারভেজকে মোবাইল ফোনে ও বিভিন্ন মাধ্যমে ‘প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন’ করে।
পেশাগত দায়িত্ব পালন ও সত্য প্রকাশের জেরে একজন জ্যেষ্ঠ সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। ইতোপূর্বে ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি ও অন্য সাংবাদিকদের হুমকি দিয়েছিল।

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ইয়াছিন বাহিনীর হামলার শিকার হন এখন টেলিভিশনের সাংবাদিক হোসাইন আহমদ জিয়াদসহ প্রতিষ্ঠানটির একাধিক কর্মী।

সিএমইউজে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সময়ে চট্টগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবং সত্য প্রকাশ করায় বিভিন্ন সন্ত্রাসী ও দুর্বৃত্তদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হুমকির ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা ধরা-ছোয়ার বাইরে থেকে গেছে।

সিএমইউজে নেতারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, হুমকি-ধমকি ও রক্তচক্ষু দেখিয়ে সাংবাদিকদের সত্যের পথ থেকে কখনো টলানো যাবে না। সংবাদকর্মীরা সবসময় জনগণের পক্ষে ও সত্যের পক্ষে কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও যাবেন।

অবিলম্বে সাংবাদিক জাহিদুল করিম কচি ও কামাল পারভেজকে প্রাণনাশের হুমকিদাতা তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

একই সাথে সিএমইউজে নেতারা চট্টগ্রামে বিগত সময়ে সাংবাদিকদের ওপর সংঘটিত সব হামলা, নির্যাতন ও হুমকির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং কর্মরত গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

আরও খবর