বনফুলের ফ্রিজে তেলাপোকা, লেবেলছাড়া ঘি দিয়ে তৈরি হয় খাবার
খাবার সংরক্ষণের ফ্রিজে বিচরণ করছে তেলাপোকা, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ দিয়ে তৈর হচ্ছে খাদ্যপণ্য। ব্যবহার করছে লেবেলবিহীন ঘি। সরেজমিনে পরিদর্শন করে চট্টগ্রামের বনফুলের কারখানায় মিলল এমন চিত্র। এজন্য বনফুলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রাম নগরের আগ্রাবাদ চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এম অ্যান্ড এস মেডিকোকে ৬ হাজার টাকা এবং সাঈদ মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে তেল সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ এবং মোড়কজাত তেলে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকায় পাঠানটুলি চৌমুহনী এলাকার একটি তেলের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়।
