পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সদরঘাট থানা বিএনপির মিছিল-সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে সদরঘাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিএনপির নেতারা বলেন, পরিকল্পিতভাবে কোনো ঘটনা ঘটিয়ে তার দায় রাজনৈতিকভাবে চাপিয়ে দিয়ে দেশে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। এ জন্য নেতাকর্মীদের দায়িত্বশীল, সংযত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সদরঘাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিলটি মাঝির ঘাট রোড থেকে শুরু হয়ে শুভপুর বাস স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, দেশের স্বাভাবিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে কোনোভাবেই বিপথে নেওয়া যাবে না। একটি মহল পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটিয়ে তার দায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপানোর চেষ্টা করতে পারে। তাই নেতাকর্মীদের আবেগের বশবর্তী না হয়ে প্রতিটি বিষয়ে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কেউ উসকানি দিলেই রাস্তায় নেমে পড়া নয়, আগে বুঝতে হবে কারা এর পেছনে আছে এবং কার স্বার্থে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আমাদের শক্তি অস্ত্র বা সন্ত্রাস নয়, আমাদের শক্তি জনগণ। তাই পাড়া-মহল্লায় মানুষের পাশে থেকে তাদের সঙ্গে নিয়ে অপতৎপরতা মোকাবিলা করতে হবে। কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও রাজনৈতিক প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সভাপতিত্ব করেন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া এবং বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, মো. ইলিয়াস, খোরশেদ আলম, মো. শাহাজাহান, সৈয়দ তসলিমুর রহমান, মুসা বাবলু, আমীর আহম্মদ, মোহাম্মদ বেলাল, নুর খান, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আরাফাত, আনোয়ারুল আবেদীন মুন্না, শেখ আজম রাজু, মোহাম্মদ জুয়েল ও মো. রাব্বিসহ সদরঘাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
