চট্টগ্রাম হাটহাজারী উপজেলা থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ওয়ান শুটারগান (এলজি) ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ মো. নাছির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ধলই ইউনিয়ন সভাপতি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্য পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় নাছির উদ্দীনের শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রবের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অস্ত্রের উৎস সম্পর্কে নাছির তথ্য দিয়েছে। তার বন্ধু রাউজানের মো. তৈয়ব তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।

এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা হয়েছে।

আরও খবর