বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে সার্কিট হাউজে চলে যান দলটির প্রধান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে তাঁর প্রাক্তন সাথী-সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার কথা ছিল। কিন্তু চাঁদগাও থানা আমিরের পদ থেকে সরিয়ে দেয়া ইসমাঈলকে অনুষ্ঠানে দেখে অধিকাংশ প্রশ্ন ইসমাঈল এবং দলের নৈতিক মান নিয়ে ওঠায় বিব্রহ হন ডা. শফিক। তিনি প্রশ্নোত্তর পর্ব বাতিল করে অনুষ্ঠান থেকে বিদায় নেন।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টা তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

আমীরে জামায়াতের এ সফরকে কেন্দ্র করে সম্মেলনস্থলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজমান ছিল। তবে ইসমাঈলকে দেখে অনেকেই মঞ্চে উঠতে সম্মত হননি বলেও দাবী একাধিক নেতার।

সম্মেলনে ডা. শফিকুর রহমান দলের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে বক্তব্য রেখেছেন বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

আরও খবর