কক্সবাজারে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক দুটি অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান। সোমবার (১৯ অক্টোবর) রাতে হোয়াইক্যং চেকপোস্ট ও পালংখালী সীমান্ত এলাকায় অভিযান দুটি পরিচালনা করে বিজিবির ৬৪ ব্যাটালিয়ন।
বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, হোয়াইক্যং চেকপোস্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মো. সাইফুল ইসলামকে (৩১) আটক করা হয়। তিনি চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা।
অন্যদিকে, পালংখালী সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা তিন ব্যক্তিকে আটক করে বিজিবি। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৩ লাখ ৪০ হাজার ইয়াবা।
আটক ব্যক্তিরা হলেন— রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)। তাদের মধ্যে খাইরুল আমিন উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। অন্য দুজন উখিয়ার কাটাখালী গ্রামের বাসিন্দা।
