ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেই সাংসদ এনামের বক্তব্যের সময় শেষ
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সিদ্ধান্ত প্রস্তাবের ওপর সংশোধনী চলাকালে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে নির্ধারিত সময় শেষ করে ফেলছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। ফলে সংশোধনী উত্থাপন করতে পারলেন না তিনি। মূল বক্তব্য উপস্থাপনের আগেই তার মাইক্রোফোনটি বন্ধ করে দিয়েছেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটেছে এস আলম কাণ্ডে বিতর্কিত হয়ে বিএনপি থেকে বহিস্কার হওয়া এনামের বেলায়।
সংসদ সদস্য এনামুল হক ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ বলে তার বক্তব্য শুরু করেন। এরপর বলেন, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। স্মরণ করি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে।
তিনি বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেতা, সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে মনোনয়ন দিয়ে…। চট্টগ্রাম-১২ (পটিয়া) সর্বস্তরের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সং…।
এ সময় তার মাইকটি বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, বহুল আলোচিত-সমালোচিত দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের গাড়িকাণ্ডে ১ সেপ্টেম্বর ২০২৪ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসঙ্গে ওই কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, এক নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদও স্থগিত করা হয়। পরে একই বছর ২৫ ডিসেম্বর তাদের দলীয় সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে এস আলমকে নিয়ে বিএনপির সম্পৃক্ততার বিষয় আলোচনায় আসে। আবার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বিমানবন্দর থেকে এস আলমের গাড়িতে চড়ে সমাবেশে যাওয়ার বিষয়টিও দেশ ব্যাপী সমালোচনার জন্ম দেয়।
