কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ টন সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া ৭০ টন সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।

কোস্ট গার্ড আরো জানায়, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক পাঁচজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর