বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-সহ গুলিবিদ্ধ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হয়েছে। রবিবার (২২) রাত ৮.১০টায় ওসমানদের বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসীরা গুলি করেছে বলে জানান তার পিতা রশিদ আহমদ।
তিনি জানান, চারজন দুর্বৃত্ত অস্ত্র হাতে নিয়ে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করলে এতে প্রকৌশলী ওসমান হাত ও পেটে গুরুতর গুলিবিদ্ধ হয়। এতে তার মা আছিয়া বেগম (৭০) ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার দুপায়ে গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির রশিদ আহমদের ছেলে। সে সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মায়ের চিকিৎসা চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হিলাল উদ্দিন আহমদ বলেন, প্রকৌশলী ওসমানের গুলিবিদ্ধের ঘটনা সঠিক। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিয় ঘটনাস্থলে গিয়েছে। সেনাবাহিনী ও র্যাবের পৃথক দল ঘটনাস্থলে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা কাজ করছি। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
