তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের কণ্ঠস্বর তুলে ধরা এবং সরকারের কার্যক্রম জনগণের সামনে উপস্থাপন করার মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বুধবার (৪ মার্চ) চিটাগং ক্লাবের সুইমিংপুল সাইডে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজিত ইফতার দোয়া মাহফিল ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, চট্টগ্রামের মতো ঐতিহ্যবাহী নগরীতে প্রেস ক্লাবকে ঘিরে সাংবাদিকতা ও গণমাধ্যমের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা সাংবাদিকরাই সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, গণমাধ্যম আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কোনো আনুষ্ঠানিক স্তম্ভ না হলেও বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের পাশাপাশি এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে রাষ্ট্রবিজ্ঞানে গণমাধ্যমকে রাষ্ট্রের “চতুর্থ স্তম্ভ” হিসেবে অভিহিত করা হয়।

সমাবেশে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন , চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান,বক্তৃতা করেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ, উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায়, সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

সমাবেশে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর