চন্দনাইশে গরু লুটে বাধা দেয়ায় গুলি, নিহত ১
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে গরু লুটে বাধা দেওয়ায় নিতাই চন্দ্র নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। এ সময় তিনটি গরু নিয়ে পালিয়ে যায় তারা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর গাছবাড়িয়া বদুর পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে একটি মাইক্রোবাস নিয়ে ৫ থেকে ১০ জনের ডাকাতদল নিতাই চন্দ্রের গোয়ালঘরে হানা দেয়। ডাকাতরা গোয়ালঘর থেকে গরু নিয়ে চলে যাওয়ার সময় নিতাই চন্দ্র বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে তিনটি গরু নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা নিতাই চন্দ্রকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, গরু লুট করে নিয়ে যাওয়ার সময় নিতাই চন্দ্র বাধা দিলে তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
