বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান ও চট্টগ্রামের উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকা স্মরণ করেন উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। দোয়া মাহফিল শেষে সাঈদ আল নোমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সাঈদ আল নোমান বলেন, আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি প্রতিষ্ঠান গড়েছেন, তিনি আমৃত্যু চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেমকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।

এসময় চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, “মরহুম আব্দুল্লাহ আল নোমান অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন। তিনি কর্মীদের কাছে বিপদের বন্ধু ছিলেন, চট্টলার মানুষের কাছে সর্বজনীন রাজনীতিবিদ ছিলেন।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরো আয়োজনজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও দায়িত্ববোধের এক গভীর আবহ যেখানে প্রতিফলিত হয়েছে এক নিবেদিতপ্রাণ জননেতার প্রতি মানুষের ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা।

আরও খবর