নৌপরিবহন উপদেষ্টার আশ্বাস—২ দিন স্থগিত কর্মবিরতি
নৌপরিবহন উপদেষ্টার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের আশ্বাসে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের কর্মবিরতি ২ দিনের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় বন্দর ভবনের বার্থিং রুমে উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান সংগ্রাম পরিষদের নেতারা।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর বলেন, নৌ পরিবহন উপদেষ্টা আমাদের দাবি সরকারকে জানাবেন বলেছেন। তিনি আমাদের আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের শাস্তিমূলক বদলি আদেশ স্থগিত করার আশ্বাসও দিয়েছেন। তাঁর আশ্বাসের প্রেক্ষিতে দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছি আমরা।
বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হয়। এরপর স্থবির বন্দরে ক্রমে ফিরে আসতে শুরু করে প্রাণচাঞ্চল্য।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর বলেন, রমজান মাস ও সবকিছু বিবেচনা করে আমরা আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার আমাদের কর্মসূচি স্থগিত করছি। এই সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয় আমাদের সব বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে, তাহলে রোববার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে।
এর আগে সকালে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বন্দর ভবনে আসার সময় গাড়িবহর আটকে বিক্ষোভ করেন বন্দর শ্রমিকরা।
উপদেষ্টা শাখাওয়াত বিক্ষোভরত শ্রমিকদের বলেন, আমি শ্রমিক নেতাদের কথা শুনব, আমিও কথা বলব। দেশের কোনো ক্ষতি হোক আমি তা চাই না।
এরপর দুপুরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক না করে বন্দর ভবন থেকে বাইরে যান উপদেষ্টা। এ সময় শ্রমিকরা বন্দর ভবন এলাকায় মিছিল ও বিক্ষোভ করেন।
এর আগে শনি-সোম প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সরকারি প্রক্রিয়া বন্ধের দাবিতে অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হয়।
মঙ্গলবার থেকে প্রথমে ২৪ ঘণ্টার এবং পরে টানা কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। এর ফলে বন্দর জেটিতে জাহাজ আনা নেওয়া, বন্দর থকে আমদানি পণ্য ডেলিভারি, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বন্ধ হয়ে যায়। বন্ধ থাকে রপ্তানি পণ্য শিপমেন্ট। এতে উদ্বেগ জানিয়ে বন্দর ব্যবহারকারীরা শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনার আহ্বান জানান সরকারকে। এর পরদিনই বন্দর উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে আসলেন।
