প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জে অবস্থিত জে এম সেন হল (যাত্রামোহন সেন হল) পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

শুক্রবার (১৬ অক্টোবর) জে এম সেন হল পরিদর্শনকালে মেয়র প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গৃহীত প্রস্তুতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। তিনি অনুষ্ঠানস্থলের পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

এসময় মেয়র বলেন, আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন। নিঃসন্দেহে এটি চট্টগ্রামের জন্য গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরটি সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমি সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। চট্টগ্রামসহ দেশের সব সনাতনী সম্প্রদায়ের মানুষ খুবই খুশি। তার এই সফর ঘিরে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এসময় মেয়রের সাথে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং চসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন—দুর্গাপূজা উপলক্ষে—প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসবেন ২০ অক্টোবর

আরও খবর