চট্টগ্রামের সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আড়াই লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।

হত্যাকাণ্ডের চার মাসের মাথায় এ রায় দেয়া হলো। দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড দেন বিচারক।

গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেয়া ও বেড়াতে নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবু শেখ শিশু ইরা মনিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকার পাহাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালানোর পর ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় ইরাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়।

ওই দিনই সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র ১০ কার্যদিবসে এ মামলার রায় দেয়া হয়।

আরও খবর