নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে প্রস্তুত হতে হবে—মুহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন—জামায়াতের বিরুদ্ধে বিরোধী শক্তিগুলোর অপপ্রচার ও ষড়যন্ত্র সংগঠনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সকল রাজনৈতিক বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে জামায়াতের কর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে। এ জন্য কর্মীদের আদর্শিক জ্ঞান, নৈতিক চরিত্র, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সচেষ্ট হতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিশহর থানার উদ্যোগে নগরের একটি কনভেনশন হলে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমীর মুহাম্মদ ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি খায়রুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী এবং মহানগরী সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।
এ সময় আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ডা. শাহাদাত হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক, থানা কর্মপরিষদ সদস্য জাহের খান, মাকসুদুল মাওলা, মাওলানা আহমদ শফি, হায়দার আলীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
দিনব্যাপী এ কর্মী শিক্ষাশিবিরে বক্তারা কর্মীদের ব্যক্তিগত জীবন গঠন, নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা অর্জন, সাংগঠনিক দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
