বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ
বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি শনিবার (২১ নভেম্বর) অভিভাষণ প্রদান করেছেন।
চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা- চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এ অভিভাষণ প্রদান করেন।
প্রধান বিচারপতি তার অভিভাষণে বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনয়ন, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারিক দক্ষতা বৃদ্ধি, সময়ের যথাযথ ব্যবহার এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করার লক্ষ্যে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। বিচারকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশে বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
প্রধান বিচারপতি মামলা ও আদালত ব্যবস্থাপনার মাধ্যমে বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরভাবে মামলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিচারকদের তাদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা প্রণয়ন, শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ নিশ্চিত করতে হবে।
বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ শুধু আদালতের এজলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়; আদালতের বাইরেও তাঁর আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, বিচারকগণ প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই ব্যবহার করতে পারেন; তবে রায় প্রস্তুত বা রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না। রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।
বিচারিক সিদ্ধান্ত গ্রহণে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
তিনি বিচারপ্রার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করণের পাশাপাশি প্রত্যেক জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান
আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের অনেক ক্ষেত্রে অকারণে দীর্ঘ সময় গ্রহণের প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে কোনোভাবেই নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না। তিনি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে।
অনুষ্ঠানে নিম্ন আদালত মনিটরিং কমিটি চট্টগ্রাম-১ এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এস এম কুদ্দস জামান, চট্টগ্রাম-২ এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার নানা দিক তুলে ধরেন। এ সময় আরও বক্তৃতা করেন কক্সবাজার জেলার কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ), রাঙামাটি, নোয়াখালী ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ।
বক্তারা বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক কার্যক্রমে পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।
