উপাচার্য ইস্যুতে ২০ দিন ধরে অচলাবস্থা বিরাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ স্বাভাবিক একাডেমিক কার্যক্রম। এতে বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, বাড়ছে সেশনজটের আশঙ্কা। দীর্ঘস্থায়ী এ সংকট নিরসনে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন চুয়েটের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আজম। একই সঙ্গে চট্টগ্রামের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদেরও সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে নুরুল আজম উল্লেখ করেন, চুয়েটের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মন্ত্রীপর্যায়ের রাজনীতিবিদ এবং চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০০৩ সালে চুয়েটের সমাবর্তনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতির বিষয়টিও চিঠিতে স্মরণ করেন তিনি। ওই সমাবর্তনে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথাও উল্লেখ করেন নুরুল আজম।

চুয়েটের বর্তমান সংকট সমাধানে চট্টগ্রামের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি। চিঠিতে জ্যেষ্ঠ মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রতিমন্ত্রী মীর হেলালের প্রতি পরিস্থিতির প্রকৃত চিত্র অনুধাবন করে সংকট নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অধ্যাপক সায়েমের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের কথা উল্লেখ করে নুরুল আজম তাঁকে নীতিনিষ্ঠ ও চুয়েটের উন্নয়নে আন্তরিক একজন শিক্ষক হিসেবে বর্ণনা করেন। তাঁর দাবি, সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের একটি বড় অংশ সমর্থন জানাচ্ছে। চলমান আন্দোলনকে তিনি শিক্ষার্থীদের দাবি আদায়ের শান্তিপূর্ণ প্রচেষ্টা হিসেবে তুলে ধরেন।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগের প্রসঙ্গ টেনে নুরুল আজম বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনাসহ বিভিন্ন সংকটে প্রধানমন্ত্রীর সক্রিয় ভূমিকা ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। চুয়েটের চলমান সংকট নিরসনেও প্রধানমন্ত্রীর কার্যকর উদ্যোগ কামনা করেন তিনি। তাঁর মতে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এ অচলাবস্থা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।

প্রঙ্গগত, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের পর থেকেই অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচিতে যুক্ত হন। বিক্ষোভ মিছিল, লাল কার্ড প্রদর্শন, মুখোশ মিছিল, কালো কাপড় বেঁধে প্রতিবাদ, আলোকচিত্র প্রদর্শনী, প্রতিবাদী কনসার্ট এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত উদ্যোগ নিয়ে চুয়েটে স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন নুরুল আজম।

আরও খবর