কিশোর গ্যাং সদস্য হৃদয় হত্যা—৩ দিনের রিমাণ্ডে বিহারী সন্ত্রাসী বগা
চট্টগ্রামে নিজের দলের কিশোর গ্যাং সদস্য হৃদয় হত্যা মামলায় বিহারী সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) শুনানি শেষে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, হৃদয় হত্যা মামলায় পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ সেপ্টেম্বর রাতে বগার অনুসারী সেভেন স্টার ও ফাইভ স্টার নামের দুটি কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে হৃদয় নামের এক কিশোর গ্যাং সদস্য নিহত হয়। পুলিশ ওই মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তাদের স্বীকারোক্তিতে বগার নাম আসে। পুলিশ সন্ত্রাসী বগাকে হৃদয় হত্যার মাস্টার মাইন্ড হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে গত ২৯ অক্টোবর তা মঞ্জুর করে আদেশ দেন।
৪ সেপ্টেম্বর বগাকে গ্রেপ্তার করতে গেলে খুশলী থানা পুলিশের ওপর বগাবাহিনী হামলা করলে ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সেই মামলায় বগা ও তার তিনসহযোগীর ইতোমধ্যে একদিন করে রিমান্ড শেষ হয়েছে।
৬ অক্টোবর সন্ত্রাসী বগা ও তার ৩৬ অনুসারির বিরুদ্ধে প্লট দখল, অবৈধ চাঁদাবাজি, মারধর ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় গত ১১ ফেব্রুয়ারি ও ২৫ এপ্রিলসহ বাদীর সাথে ঘটা পাঁচটি পৃথক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। গত ১৭ অক্টোবর ওই মামলায় জামিন আবেদন করে আত্মসমর্পন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সেই মামলায় আদালত তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। একই মামলায় বগার দুই ভাইসহ ১২ জন আদালতে আত্মসমর্পন করলে তাদের কারাগারা পাঠান আদালত।
তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ১৮টি মামলা ছিল। এরপর পাহাড়তলী কলেজের শিক্ষক নির্যাতন, ডিসি পরিবহণ পুলের প্লটসহ ১২টি প্লট দখল, পুলিশের গাড়িতে হামলা, চাঁদাবাজির অপরাধে আরও ৫টি মামলা দায়ের হয়েছে। ১৭ অক্টোবর থেকে বগা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে।
বগা নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তার ভাই রকি হোসেন পিচ্ছি নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
