কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে উদগীরিত গ্যাস ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ কোনো সাময়িক পকেট গ্যাস নয় বলে জানিয়েছে বাপেক্সের বিশেষজ্ঞ দল। টানা ১৫ দিন ধরে ঘটনাস্থল ও গ্যাসের তীব্রতা পর্যবেক্ষণের পর তারা নিশ্চিত করেছেন যে, এর নিচে একটি বড় রিজার্ভার বা গ্যাসের আধার রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্সের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটির প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম জানান, টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্যাসটির স্থায়িত্ব ও ধারণক্ষমতা যাচাই করা। একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় এই মুহূর্তে গ্যাস এভাবে উন্মুক্ত রাখা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, তাদের প্রথম অগ্রাধিকার হলো জরুরিভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনা। নিরাপত্তা নিশ্চিত করে কূপটি সফলভাবে নিয়ন্ত্রণের পরই কেবল ভূতাত্ত্বিক জরিপ এবং বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় একটি নলকূপ খননকালে হঠাৎ গ্যাস ও পানির উদগীরণ শুরু হয়। দীর্ঘ ১৫ দিন ধরে চলা এই পর্যবেক্ষণের পর বাপেক্স দল এই গুরুত্বপূর্ণ তথ্য জানাল।

আরও খবর