১৪ শিকে ঢুকলো কিশোর গ্যাং লিডার বগা
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন ওরফে বিহারী সন্ত্রাসী বগা চাঁদাবাজির একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে তার জামিন শুনানি হয়। বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী।
তিনি জানান, চাঁদাবাজির একটি মামলায় ওয়াকিল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ওয়াকিল নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ১০ জুন তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, প্লট দখল, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, পুলিশের ওপর হামলা, কলেজ শিক্ষক ও সাংবাদিককে তুলে নিয়ে নিজের আস্তানায় নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ২৩টি মামলা আছে। পুলিশের দাবি, ওয়াকিল একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন এবং দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বগাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। সর্বশেষ গত ৬ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালান পুলিশ সদস্যরা।
গত ২৯ সেপ্টেম্বর নগরের ওয়্যারলেস কলোনিতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষ—সেভেন স্টার ও ফাইভ স্টারের বিরোধে হৃদয় নামের এক তরুণ নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলাতেও ওয়াকিলকে আসামি করা হয়েছে।
সর্বশেষ গত ৬ অক্টোবর প্লট দখল, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে ওয়াকিলসহ ৩৭ জনের নাম উল্লেখ করে খুলশী থানায় আরেকটি মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ‘দৈনিক চট্টগ্রাম খবর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ আরিফ মামলাটি করেন। তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আফলাতুনের ছেলে।
