রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমার (৫০) পরিবারকে সরকারি ক্ষতিপূরণ হিসেবে তিনলাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
বন বিভাগের উদ্যোগে রবিবার (১৮ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের হলরুম আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পক্ষ হতে নিহতের স্ত্রী সানুই মারমার হাতে ক্ষতি পুরনের চেক তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মো. ফজলে রাব্বী সরকার, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. এনামুল হক হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ১২ এপ্রিল দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম চাকুয়া পাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমার মৃত্যু হয়। ঘটনার প্রায় ছয়মাস পর তার পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হলো।
কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মো. ফজলে রাব্বী সরকার জানান, বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বন্যহাতির আক্রমণে নিহত ব্যক্তির ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
