ডাঃ সিনথিয়া আফরীন:  ক্যান্সার চিকিৎসার কথা উঠলেই অনেক রোগী ও তাঁদের পরিবারের মনে নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়—বিশেষ করে রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসা নিয়ে। অনেকের ধারণা, রেডিওথেরাপি মানেই তীব্র যন্ত্রণা, শরীর পুড়ে যাওয়া কিংবা রোগীর শরীর থেকে অন্যের কাছে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি। অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রেডিওথেরাপি একটি অত্যন্ত সুনির্দিষ্ট, বিজ্ঞানসম্মত ও কার্যকর ক্যান্সার চিকিৎসা পদ্ধতি, যা সঠিক পরিকল্পনায় রোগীর সুস্থতা ও জীবনের মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভয় বা অজানা তথ্যের ওপর নির্ভর না করে সঠিক তথ্য জানলে রোগী ও স্বজনরা অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা গ্রহণ করতে পারেন।

চিকিৎসার সময় তীব্র ব্যথা হয় বা রোগীর শরীর থেকে অন্যের ক্ষতি হয়—এমন ধারণাগুলো আসলে বাস্তবতার সাথে মেলে না। বাহ্যিক রেডিওথেরাপি চলাকালীন সাধারণত কোনো ব্যথা অনুভূত হয় না, এবং সেশনটি অনেকটা এক্স-রে নেওয়ার মতোই নির্বিঘ্ন। তাছাড়া বাহ্যিক রেডিওথেরাপি নেওয়ার পর রোগী নিজে তেজস্ক্রিয় থাকেন না, তাই পরিবারের সদস্য, শিশু বা গর্ভবতী স্বজনদের কাছে থাকলে সেখান থেকে কোনো বিকিরণ ছড়ায় না। একইভাবে, সবার চুল পড়ে যাবে কি না তা নির্ভর করে শরীরের কোন অংশে রেডিয়েশন দেওয়া হচ্ছে তার ওপর; কেবল মাথায় রেডিয়েশন দিলে চুল পড়ার ঝুঁকি থাকে, অন্য অংশে দিলে সাধারণত চুল পড়ে না। রেডিওথেরাপি শুরু করার আগে সিটি সিমুলেশন ও ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত স্থানে নির্দিষ্ট মাত্রায় বিকিরণ পৌঁছানো হয় এবং আশপাশের সুস্থ অঙ্গ-প্রত্যঙ্গ যথাসম্ভব সুরক্ষিত রাখা হয়।

চিকিৎসা চলাকালীন ও পরবর্তী সময়ে রোগীর ত্বক, পুষ্টি ও সামগ্রিক যত্নের ওপর বিশেষ নজর দেওয়া জরুরি। রেডিয়েশন দেওয়া স্থানের ত্বকে শুষ্কতা, লালচে ভাব বা জ্বালাপোড়া হতে পারে, তাই চিকিৎসকের অনুমোদিত মৃদু ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করা উচিত এবং কড়া সাবান বা সুগন্ধিযুক্ত প্রসাধনী এড়িয়ে চলা ভালো। চিকিৎসাধীন স্থানে ঢিলেঢালা, নরম ও সুতির পোশাক পরলে ঘর্ষণ কম হয়, এবং ত্বকে দেওয়া রেফারেন্স মার্কগুলো অনকোলজি টিমের নির্দেশনা ছাড়া মুছে ফেলা উচিত নয়। চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে ক্লান্তি বা দুর্বলতা আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম, হালকা হাঁটাচলা বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সক্রিয় থাকা এবং প্রোটিন ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। বিশেষ করে মাথা ও ঘাড়ের ক্যান্সারের ক্ষেত্রে গিলতে অসুবিধা বা ওজন কমার দিকে খেয়াল রেখে পুষ্টিসম্মত খাবার বজায় রাখা জরুরি।

রেডিওথেরাপি শেষ হওয়ার পরও শরীরের ভেতরে ও ত্বকে ধীরে ধীরে সেরে ওঠার প্রক্রিয়া চলতে থাকে, তাই নিয়মিত ফলো-আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে অনকোলজিস্টের কাছে গেলে রোগের সাড়া, পার্শ্বপ্রতিক্রিয়ার উন্নতি এবং পরবর্তী করণীয় মূল্যায়ন করা সহজ হয়। চিকিৎসার ক্ষেত্র অনুযায়ী শুষ্কতা, শক্ত ভাব, হজম বা মলমূত্রের অভ্যাসে পরিবর্তন কিংবা হরমোন বা যৌন স্বাস্থ্যে প্রভাবের মতো বিষয় দেখা দিলে লজ্জা বা সংকোচ না করে চিকিৎসকের সাথে খোলামেলা কথা বলা উচিত। পাশাপাশি চিকিৎসা চলাকালীন বা পরে হঠাৎ তীব্র ব্যথা, উচ্চ জ্বর, চিকিৎসাধীন স্থানে অতিরিক্ত ফোলা বা সংক্রমণের লক্ষণ, খাবার বা তরল গিলতে মারাত্মক অসুবিধা, শ্বাসকষ্ট কিংবা দ্রুত ওজন কমে গেলে দেরি না করে অনকোলজি টিমের সাথে যোগাযোগ করুন। আপনি বা আপনার পরিচিত কেউ পরামর্শ নিতে চাইলে দেরি না করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।

লেখক:
ডাঃ সিনথিয়া আফরীন
এমবিবিএস, এমডি (রেডিয়েশন অনকোলজি)
এটেন্ডিং কনসালট্যান্ট
ডিপার্টমেন্ট :
মেডিকেল এন্ড রেডিয়েশন অনকোলজি

আরও খবর