পুলিশের চোখ ফাঁকি দিতে সোনা গলিয়ে গিয়ার হুইল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম নগরের প্রবেশদ্বারে অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।
এঘটনায় স্বর্ণ পাচারে জড়িত সুধীর কুমার ধর (৪১) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
সোনা পাচারকারী সুধীর বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান-পুলিশের চোখ ফাঁকি দিতে স্বর্ণগুলো গলিয়ে গিয়ার হুইল বানিয়ে পাচারের চেষ্টা করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পাতিবার রাতে সিটি গেট এলাকায় আমরা চেকপোস্টের সামনে অভিযান পরিচালনা করি। এ সময় সুধীর কুমার ধরকে গ্রেপ্তার করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
ওসি আকবরশাহ আরও বলেন, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। গ্রেপ্তার সুধীর কুমার ধরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন আকবরশাহ থানায় একটি মামলা করা হয়েছে।
