চট্টগ্রামে চুরির অপবাদে যুবককে নির্যাতন করে খুন, গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সাইকেল চুরির অপবাদ দিয়ে মোবারক ইসলাম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মোবারক একই এলাকার আবদুল মাবুদের ছেলে। পোশাক কারখানার শ্রমিক মোবারক চাকরি ছেড়ে সম্প্রতি বাবার চায়ের দোকানে কাজ শুরু করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। হত্যার দায়ে মোহাম্মদ মুসা (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ আদালতে সোপর্দ করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, সাইকেল চুরির অভিযোগে মুসা ও তাঁর ছেলে নিহত মোবরককে বৃহস্পতিবার বিকেলে মারধর করেছে। তাদের মারধরে মোবারক নিহত হয়েছে বলে আমাদের স্থানীয়রা জানায়। মুসাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি।
তিনি আরও জানান, এই ঘনটায় নিহত মোবারকের পিতা বাদী হয়ে মুসাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার তিনি মোবারককে শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করেছেন। বিষয়টিও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীদের অভিযোগ, কয়েক দিন আগে মুসার ছেলের একটি সাইকেল চুরি হয়। এ ঘটনায় মোবারককে সন্দেহ করে তাঁকে ডেকে নিয়ে মুসা ও তার ছেলেরা স্থানীয় একটি মাঠে বাঁশ দিয়ে মারধর করে। এরপর পাশের একটি গুদামে নিয়ে হাত-পা বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে প্রায় দুই ঘণ্টা নির্যাতন করারও অভিযোগ উঠেছে।
একপর্যায়ে মোবারক অচেতন হয়ে পড়লে তাঁকে মুসা এবং তার সাঙ্গপাঙ্গরা স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মোবারককে মৃত ঘোষণা করেন। মোবারকের মরদেহ মাঠে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন মুসাসহ অন্যরা। এ সময় স্থানীয় লোকজন মুসাকে আটকে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মুসাকে গ্রেপ্তার করে।
