গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় ট্রান্সপোর্ট কাভার্ডভ্যান থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ইম্পোর্টেড গার্মেন্টস কাপড় ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৭। চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বড়পুল এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নোয়াখালী জেলার সেনবাগ থানার লুদুয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ গোলাম রহমান মুন্না (৪৬) এবং চট্টগ্রাম জেলার রাউজান থানার কোদলপুর এলাকার মৃত নুরুল আলমের ছেলে মোহাম্মদ আমানুল্লাহ (৬৩)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ।

র‍্যাব জানায়, নারায়ণগঞ্জ আদমজী ইপিজেডের ‘ইপিক গার্মেন্টস কোম্পানী লিঃ’-এর ফরমায়েশ অনুযায়ী গত ৮ অক্টোবর বিকেল ৫টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ১৯৭ পিস ইম্পোর্টেড কাপড়ের রোল (আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা) নিয়ে কাভার্ডভ্যান চালিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন মাইশা এন্টারপ্রাইজের বেতনভুক্ত ড্রাইভার মোঃ ইয়াসিন।

একই দিন রাত ১১টার দিকে ট্রান্সপোর্ট কোম্পানিটি জিপিআরএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতে পায় কাভার্ডভ্যানটি নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে ঢাকা যাত্রাবাড়ীর দিকে যাচ্ছে। রাত ১১টা ৫০ মিনিটে জিপিআরএসে গাড়িটির অবস্থান তেজগাঁও এলাকায় দেখা যায়। চালক ইয়াসিনের সাথে ফোনে যোগাযোগ করা হলে সে গাড়ির ইলেকট্রিক ওয়ারিং ও মোবাইল ফোনে ত্রুটি রয়েছে বলে জানায়। এর পর থেকেই তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর গত ১২ অক্টোবর দুপুরে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন মাছিমপুর এলাকার একটি রাস্তার পাশ থেকে মালামালবিহীন খালি কাভার্ডভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ড্রাইভার ইয়াসিন ও তার সহযোগীরা অসৎ উদ্দেশ্যে কাভার্ডভ্যানটির ৮০ লাখ টাকার মালামাল ছিনতাই করে অন্যত্র বিক্রি করে দেয়।

এ ঘটনায় মাইশা এন্টারপ্রাইজের নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি পেনাল কোড মামলা (মামলা নং-১০/৩৩৯) দায়ের করেন।

ঘটনার তদন্তে নেমে এসআরবি-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ছিনতাই চক্রের দুই মূল হোতা চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বড়পুল এলাকায় আত্মগোপনে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৫ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে গোলাম রহমান মুন্না ও আমানুল্লাহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও খবর