জায়গা দখল—মোশাররফ পুত্র রুহেলের বিরুদ্ধে দুদকের মামলা
লিজ পাওয়ার আগে বাংলাদেশ রেলওয়ের জায়গা দখল, অনুমতি ছাড়া পুকুর ভরাটসহ সরকারের এক কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাতের অভিযোগে মাহবুবুর রহমান রুহেলের নামে মামলা দায়ের করেছে দুদক। রুহেল সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র এবং চট্টগ্রাম মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য।
সোমবার (১৯ অক্টোবর) দুদক সমন্বিত জেলা কার্যালয়-০২এ মামলাটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক তাপসীর বিল্লাহ।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে ১৮ সেপ্টেম্বর রুহেল রেলওয়ের হিঙ্গুলী মৌজার ৩৭৫ দশমিক ৮৯ একর জায়গা লিজের জন্য আবেদন করেন। রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখেন বিএস ৫১১৯, ৫১২০ ও ৫১০৫ দাগের মোট ৩৪২ দশমিক ৮০ একর জায়গা আবেদনের আগেই দখল করে নেন। লিজ পাওয়ার আগে দখলে নিয়ে পুকুর ভরাট, ভবন নির্মাণ করে ব্যবহার শুরু করেন।
মামলাতে আরও উল্লেখ করা হয়, রুহেলের দখল করা জায়গাটি রেলওয়ে একরামুল হক নামের আরেক ব্যক্তির নিকট লিজ দিয়েছিল। অন্যের নামে লিজে থাকা জায়গা জোরপূর্বক দখল করা ৪৪৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
