চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে উদ্ধার হওয়া ১০৭টি মোবাইল ফোন মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে জেলা এসপি মালিকদের হাতে মোবাইল সেটগুলো তুলে দেন।

এসময় তিনি বলেন, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনমুখী পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়েরকৃত মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত নিবিড় অনুসন্ধানের মাধ্যমে ১০৭টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।

মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে।

আরও খবর