চট্টগ্রাম নগর পুলিশ-সিএমপি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২৬৯টি সিসি ক্যামেরা স্থাপন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করতে এই উদ্যোগ বলে জানান সিএমপি কমিশনার হাসিব আজিজ। নতুন ২৬৯টি ক্যামেরা চট্টগ্রাম মহানগরের ৯টি থানার ৮১টি পয়েন্টে স্থাপন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেল ৩টায় দামপাড়াস্থ সিএমপির কন্ট্রোল রুমে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরা তদারকি কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে নগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও খবর