চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে কুমিল্লা থেকে আসা মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এতে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৪০ জন যাত্রী ছিলেন ।

নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও মো. ইসরাফিল (৫৬)।

এদিকে আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- কুমিল্লার বুড়িচংয়ের শাহ জালাল (৬২), তাঁর স্ত্রী পারভিন আক্তার (৫১), নোহা আক্তার (১৫), নিহা (১৫), আলাউদ্দিন (৩২) ও খাদিজা (৬)।

শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা তিসা পরিবহনের বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়। বাসটিতে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ছিলেন। তাঁরা বার্ষিক শিক্ষাসফরের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ চালান। এ ঘটনায় দুজন নিহত ও যাত্রীরা আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, সাতকানিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।

আরও খবর