চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদের মুখে বিতর্কিত নায়িকা পরীমনিকে বাদ দিয়েছে আয়োজকরা। সম্প্রতি ঢাকায় এক সাংবাদিককে প্রকাশ্য গালাগাল ও অপদস্থ করার ঘটনায় পরীমনির চট্টগ্রাম আগমন নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানান সাংবাদিকরা। এরপর তড়িঘড়ি করে আয়োজকরা পরীমনির সঙ্গে তাদের চুক্তি বাতিল করেছে বলে জানান।

শনিবার (৭ নভেম্বর) আয়োজকদের পক্ষ থেকে চট্টগ্রাম সময়কে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ৬ নভেম্বর রাতে পরীমনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে চট্টগ্রামের CFVA এর একটি অনুষ্ঠানের পোষ্টার পোস্ট করে লিখেছিলেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।” সেই পোষ্টারের মধ্যমনি হিসেবে পরীমনির ছবি দেখা গেছে৷

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পরীমনি’র অংশ নেওয়ার খবরে চট্টগ্রামে কর্মরত পেশাদার সাংবাদিকরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ একজন সাংবাদিককে প্রকাশ্য অপদস্থ করার পর সেই বিতর্কিত নায়িকাকে চট্টগ্রামের অনুষ্ঠানে আমন্ত্রিত জানানোয় পুরো আয়োজনটি বয়কট ও প্রতিহত করার ঘোষনা আসে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন থেকে৷

এই প্রতিবাদের মুখে আয়োজক সংস্থা তাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিতর্কিত নায়িকা পরীমনিকে বাদ দেয়ার স্বিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে পরীমনির ছবি বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছে আয়োজকরা৷

অনুষ্ঠানটির আয়োজকরা জানান, ঢাকা আদালত প্রাঙ্গনে সাংবাদিকের সাথে ঘটনাটির অনেক আগেই পরীমনির সাথে চুক্তি হয়েছিল আয়োজক কমিটির। তবে গণমাধ্যম কর্মীকে অসম্মান করার কারণে এবং চট্টগ্রামের সর্বস্থরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি গণমাধ্যম কর্মীদের দাবির সমর্থন জানিয়ে এই ইভেন্ট থেকে পরীমনিকে বাদ দিয়েছে৷

আরও খবর