এমপি সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনপ্রিয় সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর ন্যক্কারজনক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নয়া বাজার বিশ্বরোড মোড়ে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমানের উপর হামলার প্রতিবাদে বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
ডা. শাহাদাত বলেন, আজকের সমাবেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, জনগণ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয় না। রাজপথের আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা মনে করছেন ক্ষমতায় আসার পর বিএনপির নেতাকর্মীরা আর রাজপথে থাকবেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় রাজপথে থাকবে।
তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়েছে। তাই জনগণের রায় ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।
দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, মামলা-হামলা ও রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে। জনগণের প্রত্যাখ্যানের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে চলে গেছেন।
প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সাঈদ আল নোমান রাতের ভোটে নির্বাচিত কোনো সংসদ সদস্য নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এস কে খোদা তোতন, মোশাররফ হোসেন ডিপ্টি, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
