চট্টগ্রাম নগরের পতেঙ্গার চরপাড়ায় সাইকেল চুরির অপবাদে নির্যাতন করে পোশাক শ্রমিক মোবারক হত্যার অভিযোগে নাছির নামের এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-০৭। নাছিরের পিতা মুসাকে বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করেছিল।

শনিবার (১৪ নভেম্বর) সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় জেলার ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছুরি এলাকায় অভিযান চালিয়ে আমরা নাছিরকে গ্রেপ্তার করি। নাছিরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সাইকেল চুরির অপবাদ দিয়ে স্থানীয় যুবক মোবারক হোসেনকে নাছির, পিতা মুসাসহ বেশ কয়েকজন মিলে নানাভাবে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে মোবারক নিস্তেজ হয়ে যান। তখন মুসা তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মোবারককে মৃত ঘোষণা করেন।

মুসা নিহত মোবারকের লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় ধরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মোবারকের লাশ উদ্ধার করে আইনী পদক্ষেপ গ্রহণ করে। মোবাবের পিতা আব্দুল মাবুদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

 

আরও খবর