সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেছেন,সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার।ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ সহকারী বলেন, আমরা সবাই বাংলাদেশী, আমাদের চিন্তা সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার,এই মূল্যবোধ ধারণ করেই ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সকল সম্প্রদায়ের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুশীল বড়ুয়া, রাজীব ধর তমাল, বিপ্লব পার্থ, অর্জুন কুমার নাথ এবং যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু। সভায় বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
