সরকার পার্বত্য অঞ্চলে উপর থেকে নিচে নয়, বরং তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও সমৃদ্ধ একটি অঞ্চল। এই অঞ্চলের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সম্প্রীতি অটুট রেখে উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে সুষম ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।’

শুক্রবার (১৩ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের ওপর বিনিয়োগের তাগিদ দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনাসহ শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, প্রকৌশল ও প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য শুধু ভালো ফলাফল নয়, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, দেশের ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ই-লার্নিং কার্যক্রম চালু করা হয়েছে। আগামী বছরের ফলাফলে এই উদ্যোগের ইতিবাচক প্রভাব মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর