এবার সেই ইকরাম গুলিবিদ্ধ, পরিবারের দাবি হত্যা চেষ্টা
চট্টগ্রাম নগরের দুটি বিদেশী পিস্তলসহ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ সুলতান ইকরামকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরাম মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেপ্তার করেছিল।
ইমতিয়াজের স্ত্রী সূচি অভিযোগ করে বলেন, ‘বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে এসে আমার স্বামীকে গুলি করেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন’।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুইটি মোটরসাইকেলে এসে পাঁচজন দুর্বৃত্ত একজনকে গুলি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
