অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও অর্থনৈতিক সুশাসন জোরদার করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) একটি গণমুখী, সম্পূর্ণ স্বাধীন, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার।

তিনি বলেন, ‘আমরা বিবিএসের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে চাই, যাতে প্রতিষ্ঠানটি কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই তার দায়িত্ব পালন করতে পারে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং তা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।’

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর বিবিএস মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান : টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।

বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক স্বাগত বক্তব্য দেন। সংস্থাটির পরিচালক কবির উদ্দিন আহমেদ জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া আলোচনা সভায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএসএ) সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন এবং বিআইডিএস-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক।

 

আরও খবর