ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য, উন্নয়ন বার্তা ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শুধু একটি ভবন নির্মাণ নয়, এর মাধ্যমে তথ্য, সংস্কৃতি, চলচ্চিত্র, প্রযুক্তি ও জনসচেতনতা কার্যক্রমকে আরও আধুনিক ও জনমুখী করা হবে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাঙ্গামাটি সদরে মুজাদ্দেদ-ই- আলফেসানী একাডেমী প্রাঙ্গণে ২৬ জেলার আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের অংশ হিসাবে রাঙ্গামাটি জেলার আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাঙ্গামাটিতে যে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, সেটিকে শুধু একটি ভবন হিসেবে দেখলে চলবে না। এই কমপ্লেক্সের পেছনে রয়েছে বহুমাত্রিক উদ্দেশ্য।এখান থেকে তথ্য ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার, সাংস্কৃতিক কার্যক্রম, চলচ্চিত্র প্রদর্শন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। চলচ্চিত্র ও শিল্প-সংস্কৃতির বিকাশে এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ। কমপ্লেক্সে প্রায় ১৬০ আসনের মিনি সিনেপ্লেক্সের ব্যবস্থা রাখা হয়েছে, যা রাঙ্গামাটির মানুষের বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মানুষের সমস্যা সরেজমিনে চিহ্নিত করে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো অনুভব করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে মাঠপর্যায়ে কাজ করছে সরকার

অনুষ্ঠানে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন মোঃ শাহ আলম পুলিশ সুপার আব্দুর রকিব,অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল ভূঞাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও খবর