মিয়ানমারে পাচারের সময় দুই ট্রাকভর্তি ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন সাগর উপকূল থেকে এসব সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের সময় দুই ট্রাকভর্তি প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার এবং পাচারকাজে জড়িত দুজনকে আটক করা হয়। উদ্ধার করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সাগর উপকূলে সার আনা হয়েছে—গোপন সূত্রে এমন খবর পেয়ে ভাটিয়ারী স্টেশনের সদস্যরা অভিযান চালান। এ সময় সারগুলো জব্দ করা হয়।

এর আগে গত দুই মাসে মিয়ানমারে পাচারের সময় আরো তিনটি চালানে বিপুল পরিমাণ সার জব্দ করেছে কোস্ট গার্ড। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ৭০০ বস্তা সার জব্দ করা হয়েছিল। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আরও খবর